ডাকসুর ভিপি সাদিক কায়েমের অঙ্গীকার “সব মত ও আদর্শের শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে কাজ করবেন”
আজ বুধবার সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী এস এম ফরহাদ। তাঁরা দুজনেই বিজয়ের পর কোনো শোভাযাত্রা বা মিছিল না করার ঘোষণা দেন। সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না। আমি চাই, বোনের ভাই হিসেবে, ছোট ভাইয়ের বড় ভাই হিসেবে, বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে। আমি শিক্ষকের ছাত্র এবং বন্ধুর বন্ধু হিসেবে পরিচিত হতে চাই। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা—ব্যক্তিগত, পারিবারিক কিংবা ক্যাম্পাসসংক্রান্ত—সবক্ষেত্রে তাঁদের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধর্মের, যে মতের, যে আদর্শের লোকই থাকুক না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব।
আমরা বিশ্ববিদ্যালয়কে মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করব। আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটি চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করা। গবেষণার সুযোগ থাকবে, আবাসন-খাদ্য-স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের এই প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

0 মন্তব্যসমূহ