প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান
বিনোদন প্রতিবেদক:
চেহারা বা শারীরিক গঠন নিয়ে অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির গুঞ্জন নতুন কিছু নয়। হলিউড থেকে বলিউড—সব জায়গাতেই এ নিয়ে আলোচনা চলতে থাকে। কেউ কেউ খোলাখুলিভাবে বিষয়টি স্বীকারও করেছেন, আবার অনেকে নীরব থেকেছেন। এই প্রসঙ্গ এবার উঠে এলো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী “জয়া আহসান”–এর কথায়। সম্প্রতি এক পডকাস্ট শোতে অংশ নিয়ে তিনি নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন।
জয়া বলেন, “মানুষ বলে আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা! এটা আমি শুনেছি—মাথা থেকে পা পর্যন্ত নাকি সবকিছু সার্জারি করা।”তিনি আরও যোগ করেন, “অনেকে বলে আমি বোটক্স ব্যবহার করি। মানুষ ভাবে আমি এসব দেখি না, কিন্তু মাঝেমধ্যে দেখি। আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা অনেকটা বোঝা যায় কমেন্ট বক্স দেখলেই।”
তবে সরাসরি প্লাস্টিক সার্জারি করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি কিছু করে থাকি, সেটা দরকার ছিল। ভালো হয়েছে তো, পচানি খাইনি। সবকিছুতে কি সফল হব? ভুল করেছি, তাতেও অভিজ্ঞতা আছে। আজকের জয়া সেই ভুল থেকেই তৈরি।”
এসময় নিজের অভিনয়জীবনের নানা ট্রল নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’-এর “মারোওও” সংলাপ নিয়ে ২০১৬ সালে যে সমালোচনার মুখে পড়েছিলেন, সেটির কথাও টেনে আনেন জয়া। তার ভাষায়, “সেই সংলাপ আজও ট্রল হয়, এমনকি ‘উৎসব’ সিনেমাতেও সেটা নিয়ে হাসাহাসি হয়েছে।”
সম্প্রতি বাংলাদেশ ও ভারতে জয়া আহসান অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা ও ‘পুতুল নাচের ইতিকথা’। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত ‘ফেরেশতে’। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন এবং ‘নকশীকাঁথার জমিন’ ।



0 মন্তব্যসমূহ