আফগানিস্তানের হামলায় পাকিস্তানের ২৩ সেনা নিহত, রাতভর সংঘর্ষে উত্তেজনা সীমান্তজুড়ে
শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালিবান বাহিনীর হামলায় ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনী (আইএসপিআর) রবিবার রাতে এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানায়। পাল্টা জবাবে পাকিস্তানের সেনারা অভিযান চালিয়ে ২০০ জনের বেশি তালিবান ও তাদের সহযোগী জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, “রাতভর সংঘর্ষে ২৩ জন বীর পাকিস্তানি সেনা শহিদ হয়েছেন এবং ২৯ জন আহত। গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাল্টা অভিযানে ২০০-র বেশি তালিবান ও সহযোগী নিহত হয়েছে।” ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তানের এই হামলা সম্পূর্ণ ‘অপ্ররোচিত’ এবং ‘অন্যায়’। পাকিস্তান জানিয়েছে, শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজৌর, খুররম, দির, চিত্রাল ও বালোচিস্তানের বাহরাম চাহ এলাকায় সীমান্ত বরাবর হামলা চালায় আফগান বাহিনী। আত্মরক্ষার্থে পাল্টা আঘাত হানে পাকিস্তান সেনা। আইএসপিআর বলেছে, “তালিবানের ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে, তবে সাধারণ মানুষের ক্ষতি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।”

0 মন্তব্যসমূহ