HEADER ADD

বাবাকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে সড়কে যায় শিশু, ট্রাকচাপায় মৃত্যু

 



 ফেনী শহরের রামপুর এলাকায় ট্রাকচাপায় মোহাম্মদ জিসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সৈয়দবাড়ি–তাকিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার দরবার শরীফ ইউনিয়নের চরকালিয়া গ্রামের মোহাম্মদ আলমগীরের ছেলে। পরিবারসহ তিনি ফেনী শহরের রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জিসান বাড়ির ঘর থেকে সবার অগোচরে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সে সৈয়দবাড়ি–তাকিয়া সড়কে উঠে পড়ে। ঠিক সেই সময় একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয় এবং পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ও শিশুর বাবা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিসানের বাবা মোহাম্মদ আলমগীর জানান, “জিসানের মা দুপুরে বাইরে গিয়েছিলেন। আমি টয়লেটে গেলে সে হয়তো আমাকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই দুর্ঘটনার খবর পাই।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ