ছবি:সংগৃহীত
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সাম্প্রতিক সময়ে পরপর দুটি বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েন—এ ঘটনা নিয়ে নানামুখী আলোচনা চললেও অভিনেত্রী নিজ সিদ্ধান্তে অটল। হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কাজ, মাতৃত্ব এবং নিজের সীমারেখা নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেন।
দীপিকা জানান, মাতৃত্ব তার জীবনে নতুন উপলব্ধি এনে দিয়েছে। তিনি বলেন, “মা হওয়ার পর আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। মায়েদের প্রতি এখন আরও বেশি শ্রদ্ধা জন্মেছে। বিশেষ করে নতুন মায়েদের পেশাজীবনে ফেরা সহজ করতে আমাদের আরও সহায়ক পরিবেশ তৈরি করা উচিত।”
কাজের সময়সীমা নিয়ে বলিউডে যে ‘অতিরিক্ত কাজ’ সংস্কৃতি প্রচলিত, সে বিষয়েও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি। দীপিকার ভাষায়, “আমরা অনেক সময় ধরে নিই যে দীর্ঘ সময় কাজ করাই স্বাভাবিক। কিন্তু মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে দিনে ৮ ঘণ্টা কাজ যথেষ্ট। ক্লান্ত মানুষ কখনোই সেরা পারফরম্যান্স দিতে পারে না।”
ছবি:সংগৃহীত
তিনি আরও জানান, তাঁর নিজস্ব প্রতিষ্ঠানেও সপ্তাহে পাঁচ দিন ও দিনে আট ঘণ্টার কর্মঘণ্টা কঠোরভাবে অনুসরণ করা হয়। কর্মীদের পিতৃত্ব ও মাতৃত্ব উভয় অবসরের গুরুত্বও সেখানে সমান। পাশাপাশি শিশুদের কর্মক্ষেত্রে নিয়ে আসা—এ ধারণাকে ভারতেও স্বাভাবিক করার পরামর্শ দেন অভিনেত্রী।
২০২৪ সালের সেপ্টেম্বরে কন্যা সন্তান দুয়াকে জন্ম দেওয়ার পর দীপিকা কিছুদিনের বিরতিতে ছিলেন। এরপর কাজে ফিরতেই তাকে কিছু জটিলতার মুখোমুখি হতে হয়, যার মধ্যে দুটি ছবি থেকেই বাদ পড়া সবচেয়ে আলোচিত ঘটনা। তবে এসব প্রতিকূলতার পরও তিনি থেমে থাকেননি।


0 মন্তব্যসমূহ