HEADER ADD

ফেব্রুয়ারিতেই ভোট চান অধিকাংশ নাগরিক

ফেব্রুয়ারিতেই ভোট চান অধিকাংশ নাগরিক


 দেশের জনগণের বৃহৎ অংশ মনে করেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৮৬ দশমিক ৫ শতাংশ নির্ধারিত সময়ে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ৯৪ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’-এর ফলাফল প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করেছে ইনোভেশন কনসালটিং। দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে জরিপটি সম্পন্ন হয়। এতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সংস্কার বিষয়ে জনমত তুলে ধরা হয়।



 জরিপের প্রধান ফলাফল অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ বলেছেন। তবে তরুণ, নগরবাসী ও শিক্ষিতদের মধ্যে সন্তুষ্টি তুলনামূলকভাবে কম। নির্বাচন ও নিরাপত্তা: ৬৯ দশমিক ৯ শতাংশ বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে। আবার ৭৭ দশমিক ৫ শতাংশ মনে করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় রয়েছে। আইনশৃঙ্খলা: ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিকের মতে গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। এই ধারণা শহরের তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি। তরুণ ও শিক্ষিতদের বড় অংশ তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল। নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ: ৮৬ দশমিক ৫ শতাংশ চান নির্ধারিত সময়ে নির্বাচন হোক। ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৯৪ দশমিক ৩ শতাংশ। তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীদের মধ্যে নির্ধারিত সময়সূচি নিয়ে আপত্তি রয়েছে। নির্বাচনি সংস্কার: সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ ভোটারের ধারণা নেই। তবে যারা জানেন, তাদের বড় অংশই এ ব্যবস্থার পক্ষে। তরুণ ও শিক্ষিত মহলে সচেতনতা ও সমর্থনের হার বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান। ইনোভেশন কনসালটিং জানায়, ‘পিপলস পারসেপশন অন ইলেকশন সার্ভে’ একটি চলমান উদ্যোগ, যেখানে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ