শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা: আদালতের অন্তর্বর্তী স্বস্তি
সম্প্রতি প্রতারণার অভিযোগে নাম জড়ায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের। রাজস্থানের ভরতপুরে দায়ের হওয়া এক এফআইআরে দুই তারকার নাম উঠে আসে। অভিযোগ, একটি নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন তাঁরা, অথচ সেই গাড়িতে নাকি একাধিক যান্ত্রিক ত্রুটি ছিল। অভিযোগকারীর দাবি, ২০২২ সালের জুনে প্রায় ২৪ লক্ষ টাকা খরচ করে তিনি ওই মডেলটি কেনেন। কয়েক মাসের মধ্যেই দ্রুত চালালে বিকট শব্দ, গাড়ি কাঁপা-সহ নানা সমস্যা দেখা দিতে থাকে। সংস্থার কাছে গেলে ‘কারিগরি ত্রুটি’ বলে দায় এড়ানো হয় বলেই অভিযোগ। এরপর ভরতপুর আদালতে মামলা করা হয় এবং পুলিশের কাছে এফআইআর করার নির্দেশ যায়। এই প্রেক্ষিতেই শাহরুখ ও দীপিকার নামও মামলায় জড়ায়। তবে তাঁদের আইনজীবীদের যুক্তি— কোনো ব্র্যান্ডের পণ্যের গুণগত মানের জন্য বিজ্ঞাপনে যুক্ত তারকাদের দায়ী করা যায় না। আদালত আপাতত দুই অভিনেতার বিরুদ্ধে চলা কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে এই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ২০২৩ সালের ডিসেম্বরে একই সংস্থার সঙ্গে যুক্ত হন দীপিকা পাড়ুকোন। গত বছর প্রকাশিত একটি বিজ্ঞাপনে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপনকেই কেন্দ্র করে শুরু হয়েছে এই মামলা। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

0 মন্তব্যসমূহ