গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারে ইউনিয়নভিত্তিক জেলা ও সংসদীয় আসনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, যাকে দুর্বল করার নানা প্রচেষ্টা হয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন ও মশিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদস্যসচিব কামরুল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মনসুর উদ্দিন।
এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। দিনশেষে আবদুল আউয়াল মিন্টু উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং বিকেলে প্রয়াত নেতা নিজাম উদ্দিনের কবর জিয়ারত করে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

0 মন্তব্যসমূহ