HEADER ADD

আখতার ও জারার সংবাদ সম্মেলন বর্জন

 

সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহারের কারনে আখতার জারার সংবাদ সম্মেলন বর্জন

 


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের দুর্ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। তবে তখনও আখতার হোসেন ও তাসনিম জারা সেখানে পৌঁছাননি।

এনসিপির পক্ষ থেকে পরবর্তীতে এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক প্রতিনিধিরা গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক সফরে গিয়েছিলেন। নয় দিনের সফর শেষে তারা বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সদস্য মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, তখন হুমায়ুন কবির সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে স্বাগত জানাতে আসা এনসিপির কিছু কর্মী উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের বক্তব্য গ্রহণে সমস্যা হয়। স্লোগান থামানোর অনুরোধ করলে কিছু কর্মী উল্টো সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে এনসিপির সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা সম্মেলনস্থল ত্যাগ করছেন, আর এনসিপির কয়েকজন নেতা তাঁদের থামানোর চেষ্টা করছেন। তবে সাংবাদিকেরা ক্ষোভ প্রকাশ করে সাড়া দেননি।

ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে তীব্র সমালোচনা চলছে এবং অনেকে এনসিপি কর্মীদের আচরণকে গণমাধ্যমবিরোধী বলে মন্তব্য করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ