রোববার (গতকাল) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি,
অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন
কাঠামো সংস্কারের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব
পেয়েছেন সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির
আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দিতে বলা হয়েছে। বর্তমানে দেশে
প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী
বেতন-ভাতা পাচ্ছেন।
খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে স্বীকার করে সালেহউদ্দিন আহমেদ
বলেন, “সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাসা ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা
চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে। বর্তমানে চালসহ নিত্যপণ্যের দাম মোটামুটি
স্থিতিশীল রয়েছে।”
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ বিষয়ে তিনি বলেন, “আইএমএফের
সঙ্গে কিস্তি নিয়ে আলোচনা চলছে। আমাদের হাতে থাকা তথ্য ও প্রস্তাবনাগুলো আগামী সরকারের
কাছে প্যাকেজ আকারে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি অনুমোদনের সিদ্ধান্ত
নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেবে আইএমএফ। আগামী বছরের ফেব্রুয়ারিতে সংস্থাটির
একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং তখন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কিস্তি
ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


0 মন্তব্যসমূহ