HEADER ADD

প্রাথমিকের ৩২ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতিতে বাধা: জানালেন গণশিক্ষা উপদেষ্টা

 

                                                                         ছিবি: সংগিৃহীত

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, তবে একই সংখ্যক সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া যাচ্ছে না চলমান মামলার কারণে—এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

 রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, মামলাটি নিষ্পত্তির চেষ্টা চলছে এবং এটি সমাধান হলে একাধিক দীর্ঘস্থায়ী সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

 তিনি আরও বলেন, কুতুবদিয়াসহ দেশের বিচ্ছিন্ন ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকসংকট স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। এজন্য নতুন নিয়োগের মাধ্যমে এসব এলাকায় শিক্ষক ঘাটতি দূর করার পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

 এর আগে তিনি কুতুবদিয়ার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও প্রশাসনিক কক্ষ পরিদর্শন করেন। সফরকালে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বাতিঘর ও সাগরপাড়ও ঘুরে দেখেন তিনি।

 পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—উপদেষ্টার সহধর্মিণী রমা সাহা, ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাকিব উল হাসান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ