ফেনীর পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষন
ফেনী পৌরসভার সেবার কার্যকারিতা নিয়ে ক্রমেই প্রশ্ন তুলছেন পৌরবাসী। বিশেষ করে উত্তর চাড়ীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার বলে অভিযোগ করেছেন।ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডটি ফেনী শহরের নিম্নাঞ্চল হওয়ায় প্রতি বর্ষা মৌসুম এলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা, যার ফলে অনেক পরিবারকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের দাবিতে একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও তা এখনো কার্যকর কোনো উদ্যোগে রূপ নেয়নি। এসব আবেদন দীর্ঘদিন ধরে পৌর দপ্তরের ফাইলে আটকে আছে বলেও জানা গেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা আশ্বাস দিলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এলাকাবাসীর প্রশ্ন, নিয়মিত পৌরকর পরিশোধ করার পরও কেন তারা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন? মুক্তার বাড়ী ও আশেপাশের এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা যেন এক নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ফেনী পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মুক্তার বাড়ীসহ আশেপাশের এলাকায় ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়ে এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করবেন।
অবশেষে বলবো-“সুস্থ নগর জীবনের চাবিকাঠি—কার্যকর ড্রেনেজ ব্যবস্থা।”

0 মন্তব্যসমূহ