ফেনী পৌরসেবায় স্থবিরতা: নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী
ফেনী পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। নগরজীবনের মৌলিক সুবিধাগুলো যেখানে নিয়মিত ও কার্যকরভাবে পাওয়ার কথা, সেখানে নানা ঘাটতির কারণে পৌরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে মশা নিধন কার্যক্রমের অভাব। বছরের বিভিন্ন সময়ে মশার উপদ্রব বেড়ে গেলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ে না। এতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এছাড়া শহরের ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থাও প্রকট। অনেক স্থানে ড্রেন অপরিষ্কার ও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফেনী পৌরসভার ১২ নং ওয়ার্ডের
মুক্তার বাড়ীর বাসিন্দারা জানিয়েছেন, তারা পৌরসভাতে ড্রেনেজ ব্যাবস্থার জন্য আবেদন
করেও তাতে কোন প্রাকার সুফল পাওয়া যায়নি।এতে করে বর্ষা মৌসুমে বাড়িটির অনেক পরিবার
বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এতে যেমন জনজীবন ব্যাহত হচ্ছে, তেমনি ড্রেনেজ ব্যাবস্থা ছাড়া পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
শহরের সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রমেও রয়েছে দৃশ্যমান স্থবিরতা। রাস্তার পাশে অপরিকল্পিত বর্জ্য ফেলা, ভাঙাচোরা সড়ক ও অব্যবস্থাপনার কারণে শহরের নান্দনিকতা নষ্ট হচ্ছে। আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার যে প্রত্যাশা, তা এখনো পূরণ হয়নি।
পৌরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিয়মিত মশা নিধন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত নগর উন্নয়ন কার্যক্রম চালু করা হলে নাগরিক সেবার মান বাড়বে এবং একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ফেনী গড়ে তোলা সম্ভব হবে।

0 মন্তব্যসমূহ