বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ জুন: দেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাছ নির্বাচন করে রোপণ করা হলে গাছের বেঁচে থাকার হার বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে।
শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণবিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের মাটির ধরন ও পরিবেশ এক নয়। তাই অঞ্চলভেদে উপযোগী বৃক্ষ নির্বাচন করে রোপণ করা প্রয়োজন। এতে বৃক্ষ সংরক্ষণ সহজ হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে আরও দৃশ্যমান হয়ে উঠছে। ঋতুচক্রের স্বাভাবিক ধারায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অতীতে বর্ষা মৌসুমের শুরুতে যে নিয়মিত বৃষ্টিপাত দেখা যেত, বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বনাঞ্চল ও গাছপালা হ্রাস পাওয়াকে এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। আগামী ১৪ জুন কক্সবাজারের ডুলাহাজরায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

0 মন্তব্যসমূহ