HEADER ADD

প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউইয়র্কে প্রবাসীদের উত্তেজনা

 

 প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউইয়র্কে প্রবাসীদের উত্তেজনা

 

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দুই দিন উত্তেজনা বিরাজ করে। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, স্লোগান এবং বিক্ষোভে নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে শুরু করে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর ও ম্যানহাটান সরগরম হয়ে ওঠে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থকরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ শতাধিক সমর্থক স্লোগান দিতে থাকেন। ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়।

পরদিন সোমবার দুপুরে জেএফকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে আওয়ামী লীগ সমর্থকরা সমবেত হন। অনুমতি অনুযায়ী বিকেল পর্যন্ত সেখানে স্লোগান দেন তারা। একই সময় বিএনপির সমর্থকেরাও আলাদা কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সফরসঙ্গীদের স্বাগত জানাতে উপস্থিত হন দলটির নেতা–কর্মীরা।

বিকেলে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে কটূক্তি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জড়িত ছিলেন। পরে বিএনপি–আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়।

এরপর সন্ধ্যায় ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে উভয় দলের কর্মীরা অবস্থান নেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন তারা। ভেতরে হোটেলের লবিতে অবস্থান করছিলেন বিএনপি নেতারা। সেখানেই এনসিপি নেতা আখতার হোসেন এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেন।

দিনভর উত্তেজনার পর রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। বিএনপি–সমর্থিত এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ আওয়ামী লীগ সমর্থক মিজানুর রহমানকে আটক করে। গ্রেপ্তারের সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ