নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার শক্তিশালী ভাষণ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ ছিল “যথেষ্ট শক্তিশালী”। তিনি জানান, বিএনপি নিশ্চিত যে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন মির্জা ফখরুল। স্থানীয় সময় শুক্রবার অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য—দুটোই প্রতিফলিত হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি এসব বিষয় বারবার উল্লেখ করছেন। রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ নেই—ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন, কোন উদ্দেশ্যে এই সরকার গঠিত হয়েছিল। গণ-অভ্যুত্থানের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা মিলেই আমাদের ওপর সেই দায়িত্ব অর্পণ করেন। দেশের অর্থনীতি ও রাজনীতি ভয়াবহ অবস্থায় ছিল। এক বছরের মধ্যে সরকার পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করার চেষ্টা করেছে, যা তাঁর ভাষণেও উঠে এসেছে।”
অধ্যাপক ইউনূসের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, “তিনি ইতিহাসে প্রথমবার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজে সম্পৃক্ত করেছেন। আমাদেরও জাতিসংঘ সফরে সঙ্গে নিয়েছেন, যাতে জাতীয় ঐক্য প্রদর্শিত হয়। আমরা মনে করি, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। এ কারণে আমরা পূর্ণ সহযোগিতা দিয়েছি, আমাদের নেতা তারেক রহমানও এটিকে সমর্থন করেছেন।”

0 মন্তব্যসমূহ