টাইফুন বুয়ালোইয়ের আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম, মৃত্যু ১৯
ভয়াবহ টাইফুন বুয়ালোইয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ভিয়েতনামের উত্তর ও উত্তরমধ্যাঞ্চল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও ৮৮ জন ।
টাইফুনটি সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূলে আঘাত হানে। সঙ্গে নিয়ে আসে তীব্র ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস। এর ফলে এক লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১০ হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এনহে আন ও হা তিং প্রদেশে।
জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কিছু এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী হ্যানয়সহ বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, পরবর্তী ছয় ঘণ্টায় পাহাড়ি এলাকায় ভূমিধস ও হঠাৎ বন্যা দেখা দিতে পারে।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুনের কারণে বহু গ্রাম পানিতে ডুবে গেছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সড়কপথে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে।
এর আগে গত সপ্তাহে একই টাইফুন ফিলিপিন্সে আঘাত হেনে কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটায়। ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে রেকর্ড গড়ল বুয়ালোই।
ভৌগোলিক কারণে ভিয়েতনাম প্রায়ই ভয়াবহ টাইফুনের কবলে পড়ে। দেশটির দীর্ঘ উপকূলরেখা দক্ষিণ চীন সাগরের ধার ঘেঁষে থাকায় প্রায় প্রতিবছরই প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়।

0 মন্তব্যসমূহ