মুচলেকায় ছাড়া পাওয়া সাবেক সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক পরিচয়দানকারী সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, ক্লিনিকটিতে একটি নবজাতকের মৃত্যু হওয়াকে কেন্দ্র করে অভিযুক্তরা সমন্বয়ক পরিচয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে। প্রথমে কয়েক দফায় হাসপাতালের মালিক ও তার সন্তানের কাছে চাঁদা দাবি করে তারা। পরবর্তীতে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের মালিক শিল্পী আক্তার সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে।আটককৃতরা হলেন—সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
এ বিষয়ে হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, “আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন এসে আমাকে এবং আমার ছেলেকে চাঁদা দিতে হুমকি দেয়। আমি রাজি না হলে তারা আরও লোক নিয়ে এসে সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে আটক করে। আমি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি।” মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, “চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। হাসপাতাল মালিক বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। আটক সাইফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে।উল্লেখ্য
, এর আগে গত ১৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর সঙ্গে সাইফুল ইসলাম রাব্বিকে পুলিশ আটক করেছিল। পরে বৈষম্যবিরোধী নেতা হান্নান মাসুদের দেওয়া মুচলেকার ভিত্তিতে তাদের ছাড়া হয়েছিল। কিন্তু মুচলেকায় দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের চাঁদাবাজির অভিযোগে তাকে আবারও আটক করা হলো।
0 মন্তব্যসমূহ