ঐক্যের বার্তা দিয়ে সব বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষ
করলেন ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
বিএনপির দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক
মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ঢাকার নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই
কর্মসূচির সমাপ্তি ঘটে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে
উপস্থিত অনেক মনোনয়নপ্রত্যাশী অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বক্তব্যে তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি
হয়েও দল ও কর্মীদের ছেড়ে যাননি। ইচ্ছে করলেই মাকে বিদেশে নিয়ে যেতে পারতাম, কিন্তু
মা তা চাননি। মৃত্যুর মুখেও তিনি দলের পাশে ছিলেন, জনগণের পাশে ছিলেন।”
তিনি আরও বলেন, “যে মা নিজের বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তবুও
জনগণ ও গণতন্ত্রের স্বার্থে আপস করেননি—তার আদর্শই আমাদের প্রেরণা। মায়ের ত্যাগের প্রতিদান
দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় তিনি দলীয় ঐক্যের গুরুত্ব বোঝাতে এক আদালতের উদাহরণ টেনে বলেন,
“দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিভাজন নয়। যেমন আসল মা সন্তানকে ভাগ হতে দেননি,
তেমনি সত্যিকারের নেতারা দলের ঐক্য নষ্ট করতে পারেন না।”
রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় বিএনপির স্থায়ী কমিটির
সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট
আব্দুস সালাম আজাদ বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে সভা মুহূর্তেই নিস্তব্ধ
হয়ে যায়। আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারিনি। তিনি ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান
জানিয়েছেন।”
দলের বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীরাও জানান, তারেক রহমান নির্বাচনে
ঐক্য বজায় রাখা, ষড়যন্ত্র মোকাবিলা এবং দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার নির্দেশনা
দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার পরামর্শ দিয়েছেন,
যাতে দলের ভেতরে ভেদাভেদ না হয়।
রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন,
“দল, জাতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যারাই প্রার্থী
হবেন, তাদের বিজয় নিশ্চিত করতে হবে।”
খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, “তারেক রহমান নেতাদের
সতর্ক থাকতে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।”
এর আগে রোববার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সোমবারের বৈঠকের মাধ্যমে সব বিভাগের
নেতাদের সঙ্গে আলোচনার পর্ব সম্পন্ন হয়।
সভায় উপস্থিত নেতারা একমত হন—ঐক্যই বিএনপির শক্তি, আর সেই ঐক্যের পথনির্দেশক
হচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
0 মন্তব্যসমূহ