আবারো মালাইকার বয়স নিয়ে সমালোচনার ঝড়
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ২৩ অক্টোবর ৫০ বছরে পা দিয়েছেন। তবে তাকে দেখে বোঝার উপায় নেই—তিনি নাকি অর্ধশতক পার করেছেন। বয়স যেন উল্টো দিকেই হাঁটছে তার। এমন তরতাজা উপস্থিতি বজায় রাখায় তার বয়স নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। জন্মদিন উপলক্ষে আবারও নতুন করে শুরু হয়েছে বিতর্ক—আসলে মালাইকার বয়স কত?
‘উইকিপিডিয়া’র তথ্য অনুযায়ী, মালাইকার জন্ম ১৯৭৩ সালে, অর্থাৎ তার বর্তমান বয়স ৫২ বছর হওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে তিনি নিজের ৪৬তম জন্মদিন উদ্যাপন করেছিলেন বলে জানা যায়। ফলে অনেকে প্রশ্ন তুলেছেন—ছয় বছর পর তার বয়স কীভাবে ৫০ হলো? সামাজিক মাধ্যমে এ নিয়েই চলছে নানা হিসাব-নিকাশ।
এদিকে অভিনেত্রীর বোন অমৃতা অরোরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ হয়ে গেছে। অবশেষে সত্যিই ৫০ পূর্ণ করলো আমার সুন্দরী বোন।”
নেটিজেনদের মতে, মালাইকার বয়স অনেক আগেই ৫০ ছুঁয়ে গেছে, তবু তিনি তা প্রকাশ করেন না। তবে অভিনেত্রীর বক্তব্য, “মানুষের আসল আপত্তি আমার বয়স নয়, বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার উজ্জ্বলতা বাড়ছে—এটাই তাদের বিস্মিত করে।”
সব মিলিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা—মালাইকা অরোরার প্রকৃত বয়স আসলে কত?


0 মন্তব্যসমূহ