পুলিশে বদলি-পদোন্নতিতে তদবির বন্ধে কঠোর নির্দেশ উপদেষ্টার
পুলিশের পদোন্নতি ও বদলিতে তদবিরের প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি পুলিশের পদোন্নতি ও বদলি নিয়ে বিভিন্ন পর্যায় থেকে অনুরোধ ও তদবির আসছে। এ সময় আইজিপিও বিষয়টি স্বীকার করেন। এরপর উপদেষ্টা নির্দেশ দেন—যে কর্মকর্তা তদবির করবেন, তার বদলি বা পদোন্নতি কোনোভাবেই করা যাবে না; বরং তাকে চিহ্নিত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পদোন্নতি ও বদলি সম্পূর্ণ পুলিশের নিজস্ব বিষয়। কেউ তদবিরের অনুরোধ পেলে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে এটি পুলিশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত করা হয়েছে। এর মধ্যে পরিদর্শক (নিরস্ত্র) ৩৩ জন, পরিদর্শক (শহর ও যানবাহন) ১৮ জন এবং পরিদর্শক (সশস্ত্র) ২৯ জন রয়েছেন। পাশাপাশি কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদেও পদোন্নতি দেওয়া হচ্ছে।
এই দুই পর্যায়ের পদোন্নতি ও বদলিকেন্দ্রিক তদবির এবং অনিয়ম নিয়েই মূলত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়।

0 মন্তব্যসমূহ