বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার:
“দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব”
প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার এবং নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকার নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে শারীরিক অবস্থার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদিও আমি বিদেশে আছি, তবে মন-মানসিকতা দিয়ে গত ১৭ বছর ধরে বাংলাদেশেই আছি।”
গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ সময় কথা না বলার প্রসঙ্গে তিনি জানান, “আসলে আমি কথা বলেছি, তবে নানা প্রতিবন্ধকতার কারণে তা প্রকাশ পায়নি। আদালতের আদেশে আমার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। প্রেস ক্লাবেও আমাকে কথা বলতে বাধা দেওয়া হয়েছিল। তবুও আমি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।”
দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কিছু কারণে এতদিন ফেরা হয়নি। তবে সময় এসে গেছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব।”আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “রাজনীতির সঙ্গে নির্বাচনের সম্পর্ক অবিচ্ছেদ্য। জনগণের প্রত্যাশিত নির্বাচনে আমি জনগণের মাঝেই থাকব—এটাই আমার চেষ্টা, ইচ্ছা ও অঙ্গীকার।”
সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

0 মন্তব্যসমূহ