বিদ্যা সিনহা মিম
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে ‘মানুষ’ ছবিতে দেখা গেলেও এরপর থেকে সিনেমা বা ওটিটিতে আর কোনো নতুন কাজ প্রকাশ পায়নি। দুই বছরের অপেক্ষা শেষে এবার ভক্তদের জন্য বড় চমক নিয়ে আসছেন তিনি।
সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে দেখছেন এ সময় তিনি আরও জানান, দর্শকরা আগামী বছর আবারও তাকে সিনেমা হলে দেখতে পাবেন।
মিমের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে তিনি একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কাজগুলোর বিস্তারিত জানাতে চান না। এর বাইরে আরও কয়েকটি সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে আলোচনায় আছেন তিনি।
বিদ্যা সিনহা মিম
অভিনেত্রী আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে সিনেমা ও ওটিটি—উভয় মাধ্যমেই কাজ করার পরিকল্পনা তার**। গত দুই বছরে কোনো নতুন কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্পের অপেক্ষায় ছিলেন, আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শিগগিরই। আগামী মাসেই নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি।
বিরতির আগেও মিম ছিলেন আলোচনায়। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ঈদে বাজিমাত করেন তিনি। একই নির্মাতার ‘দামাল’ ছবিতেও প্রশংসিত হয় তার অভিনয়। এরপর ২০২৩ সালে মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।
সব মিলিয়ে, দীর্ঘ বিরতির পর আবারও বড় চমক নিয়ে দর্শকের সামনে ফিরতে প্রস্তুত মিম। নতুন কাজ প্রকাশের অপেক্ষায় এখন তার ভক্তরা।


0 মন্তব্যসমূহ